জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক ক্লাবসংলগ্ন পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা দুই শিশুর লাশ উদ্ধার করে।
পুকুরে ডুবে মারা যাওয়া শিশুরা হলো, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের (বিদ্যুৎ) কর্মচারী জাকির হোসেনের ছেলে মো. রায়হান (১০) ও ইসলামনগর এলাকার বাসিন্দা ও রিকশাচালক বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮)। এদের মধ্যে, রায়হান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও মারুফ ইসলামনগর মডেল একাডেমির প্রথম শ্রেণির ছাত্র।
নিহত রায়হানের চাচা কামাল হোসেন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দেশ রূপান্তরকে বলেন, তার ভাতিজা গতকাল সকালে ইসলামনগর বাজারে প্রাইভেট পড়তে গিয়েছিল। পরে তারা ফুটবল খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামলে ডুবে মারা যায়। পরে তাদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে তারা মারা যায়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান মেডিকেল অফিসার ডা. রিজওয়ানুর রহমান বলেন, দুই শিশুকে স্পট ডেড হিসেবে চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছিল। তবুও তাদের সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে রেফার করা হয়। কিন্তু শিশুদের অভিভাবকরা সেখানে না নিয়ে বাসায় নিয়ে গেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, গতকাল দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ওই পুকুরে ইসলামনগর এলাকার কয়েক শিশু গোসল করতে নামে। এদের মধ্যে রায়হান ও মারুফ ডুবে গেলে বাকি শিশুরা পুকুরের আশপাশে থাকা লোকজনকে জানায়। তাদের মধ্যে একজন জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ ফোন করে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শিশুদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।