তথ্য কমিশনারদের আন্তর্জাতিক কনফারেন্সের (আইসিআইসি) কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ১৯ থেকে ২১ জুন তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইনফরমেশন কমিশনারসের ১৪তম সম্মেলনের শেষ দিন গতকাল বুধবার বিশে^র ৮৩টি সদস্য রাষ্ট্রের ভোটে বাংলাদেশ এ কমিটির সদস্য নির্বাচিত হয়, যার মেয়াদ আগামী তিন বছর।
এ আন্তর্জাতিক সংস্থার নয় সদস্যের কার্যনির্বাহী কমিটির বর্তমান সভাপতি মেক্সিকোর প্রধান তথ্য কমিশনার। বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক আইসিআইসির ম্যানিলা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তথ্য কমিশনারদের আন্তর্জাতিক কনফারেন্সের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ড. আবদুল মালেক বলেন, ‘বাংলাদেশের জন্য এটা খুবই গর্বের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সম্মান অর্জন দেশকে আরও উচ্চতার আসনে নিয়ে যাবে।’