মোংলায় কবি রুদ্রের মৃত্যুবার্ষিকী পালিত

গান, কবিতা আবৃত্তি, স্মরণানুষ্ঠানের মাধ্যমে তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে কবির গ্রাম মোংলার মিঠাখালীতে রুদ্র স্মৃতি সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যৌথ আয়োজনে স্মরণানুষ্ঠানের আয়োজন করে।

স্মরণানুষ্ঠানে আলোচকরা বলেন, কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ছিলেন মুক্তিযুদ্ধের চেতনাবাহিত অসাম্প্রদায়িক বাংলাদেশের আপসহীন শিল্পযোদ্ধা। রুদ্র জীবনাচরণে ও শিল্পাচরণে আবহমান বাঙালির ঐতিহ্যসম্মত মুক্ত মানবের মুক্ত বিনির্মাণের সাহসী শব্দ শ্রমিক। বাংলাদেশের প্রগতিশীল সামাজিক- সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনে রুদ্রের ভূমিকা বিস্মৃত হওয়ার নয়।

গতকাল বুধবার সকাল ১১টার দিকে স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত। স্মরণানুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবক মাহমুদ হাসান ছোটমনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মো. নূর আলম শেখ, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, সিপিবি নেতা নাজমুল হক, বিএনপি নেতা শেখ শাকির হোসেন, কবি গীতিকার মোল্যা আল মামুন।

রুদ্র স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলা, সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) ছাড়া বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন মিঠাখালীতে র‌্যালি সহকারে এসে কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এ ছাড়া স্মরণানুষ্ঠান, মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাত ও রুদ্রের কবিতা আবৃত্তি এবং রুদ্র সংগীত পরিবেশিত হয়।