মেয়েদের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও দর্শকের রেকর্ড

আগামী মাসে শুরু হবে মেয়েদের বিশ্বকাপ ফুটবল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের হতে যাওয়া এবারের আসরে রেকর্ড সংখ্যক টিকিট বিক্রির কথা আগেই জানিয়েছিল ফিফা। নতুন খবর, প্রস্তুতি ম্যাচেও হতে যাচ্ছে দর্শকের রেকর্ড।

আগামী ১৪ জুলাই প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা ফুটবল অস্ট্রেলিয়া জানিয়েছে, মেলবোর্নের ডকল্যান্ডসে হতে যাওয়া সেই ম্যাচের ৪০ হাজারের বেশি টিকেট বিক্রি হয়েছে।

অস্ট্রেলিয়াতে মেয়েদের ফুটবলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির সংখ্যা ৩৬ হাজার ১০৯ জন। ২০২১ সালের নভেম্বরে সিডনির অলিম্পিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র ম্যাচে দর্শক উপস্থিতির ওই রেকর্ড হয়।