লেবাননের বিপক্ষে সেই জয়

যে ম্যাচ প্রেরণা হতে পারে জামালদের

সাফ চ্যাম্পিয়নশিপে আজ লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে লেবানন বাংলাদেশের চেয়ে ঠিক ৯৩ ধাপ এগিয়ে। বাংলাদেশের অবস্থান যেখানে ১৯২তম, লেবানন সেখানে ৯৯তম স্থানে। লড়াইটাকে তাই অসমও ভাবছেন অনেকে।

বাংলাদেশ অবশ্য এ ম্যাচে পয়েন্ট আদায়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে যাচ্ছে। লেবাননের বিপক্ষে জয়ের সুখস্মৃতিও রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

লেবাননের বিপক্ষে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবশেষ সাক্ষাতে জয়ের মধুর স্মৃতি নিয়েই এদিন মাঠে নামবে দলটি।

২০১১ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে লেবাননের বিপক্ষে দারুণ খেলে বাংলাদেশ জিতেছিল ২-০ গোলে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে গোল করেছিলেন মিঠুন চৌধুরী ও জাহিদ হাসান এমিলি। বাংলাদেশের সেই দলটার কোচের দায়িত্বে ছিলেন নিকোলা ইলিয়েভস্কি।

সে বছর বিশ্বকাপ বাছাইয়ের প্রথমপর্বে লেবাননে গিয়ে অবশ্য হারতে হয়েছিল বাংলাদেশকে। হারের ব্যবধান ছিল ৪-০।

সাফে এদিনের ম্যাচ দিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও লেবানন। ঠিক এক যুগ পর হচ্ছে দু’দলের সাক্ষাত।