‘অন্তর্জাল’ ছবিটি ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছিলেন পরিচালক দীপংকর দীপন। এরপর ছবির টিজার, পোস্টার ও একটি গান প্রকাশিত হয়। অপেক্ষা ছিল শুধু সেন্সর ছাড়পত্রের। তবে তার আগে ঈদে মুক্তির তালিকা থেকে সরে গেল সিনেমাটি। এটা নিশ্চিত ২৯ জুন ঈদের দিন মুক্তি পাচ্ছে না ছবিটি। এরই মধ্যে মুক্তির নতুন তারিখ জানিয়েছেন ছবিটির অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গতকাল মিম বলেন, ‘বুধবার রাতে ছবির টিম থেকে মেসেজ পেয়েছি, ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে না। আরও উপযুক্তভাবে ছবির পোস্টের কাজ করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত হয়েছে, আগামী ২১ জুলাই ছবিটি মুক্তি পাবে।’ মিম আরও জানিয়েছেন, ছবির প্রচারণামূলক একটি গানের শুটিং বাকি আছে এখনো। সেটি ঈদের আগে বা পরপরই শুটিং করার কথা আছে। ঈদে মুক্তির তালিকায় থাকা ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’, ‘লাল শাড়ি’ ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় প্রচার-প্রচারণা চলছে। তবে অন্তর্জালের পোস্ট প্রোডাকশনের কিছু কাজ নিয়ে কলকাতায় আছেন দীপন। ছবিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।