রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের নিচতলায় সাধারণ জরুরি বিভাগে একটি নতুন সেবাকেন্দ্র খোলা হয়েছে। এখন থেকে এই সেবাকেন্দ্রে হাসপাতালের, বিশেষ করে কেবিন ব্লকে ভর্তি রোগীরা জরুরি আল্ট্রাসনোগ্রামসহ নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন। এর আগে কেবিনে ভর্তি রোগীদের আল্ট্রাসনোগ্রাম করার জন্য ক্যানসার ভবনে যেতে হতো।
গতকাল বৃহস্পতিবার বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ সকালে এই সেবাকেন্দ্র উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯৮ সালে বিএসএমএমইউ প্রতিষ্ঠিত হলেও সাধারণ জরুরি বিভাগ ছিল না। বর্তমান উপাচার্য প্রথমবারের মতো সাধারণ জরুরি বিভাগ চালু করেন। বর্তমানে সেখানে এমআরআই, সিটিস্ক্যান, এক্সরে, ল্যাবরেটরি সার্ভিস, করোনা ভাইরাস পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। গতকাল নতুন করে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা যুক্ত হলো।