আমিরাতের বিপক্ষে বড় জয় স্কটল্যান্ডের

আগের ম্যাচে আয়ারল্যন্ডকে কাঁদিয়েছিল স্কটল্যান্ড। জয়টা আইরিশদের মুঠো থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। লড়াকু সেই জয়ের পর আত্মবিশ্বাসের পালে হাওয়া লেগেছে। তাই এবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে।

বুলাওয়েতে আমিরাতকে ১১১ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্কটিশরা। বড় জয় পেলেও আগে ব্যাটিং করা স্কটল্যান্ডের ইনিংসের শুরুটা ভালো ছিল না।

৪৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। এরপর তাদের টানেন অধিনায়ক রিচি বেরিংটন। মাইকেল লিস্ক ও ক্রিস গ্রিভসের সঙ্গে দুটি ফিফটি জুটির পর অষ্টম উইকেটে মার্ক ওয়াটকে নিয়ে তিনি যোগ করেন ১০৯ রান, সেটিও মাত্র ৬৬ বলে।

ইনিংসের শেষ বলে গিয়ে রানআউট হওয়ার আগে বেরিংটন ১২৭ রান করেন ১৩৬ বলে, ইনিংসে ৯টি চারের সঙ্গে মারেন ৩টি ছক্কা। আগের ম্যাচে স্কটল্যান্ডের জয়ের অন্যতম নায়ক ওয়াট অপরাজিত থাকেন ৩১ বলে ৪৪ রানে।

রান তাড়ায় প্রত্যাশিত বড় জুটি পায়নি আরব আমিরাত। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম করেন সর্বোচ্চ ৩৬ রান, তবে সেটি মোটেও যথেষ্ট ছিল না তাদের জন্য। স্কটিশ পেসার সাফয়ান শরিফ ৪ উইকেট নেন ২০ রানে, ক্রিস সোল ৩৭ রানে নেন ৩ উইকেট।