দায় স্বীকার করে চেয়ারম্যান বাবুর স্বীকারোক্তি

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু আলোচিত এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ইউপি চেয়ারম্যান (নাদিম হত্যার ঘটনায় বরখাস্ত) ও আওয়ামী লীগ নেতা বাবুকে পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার জামালপুরের বিচারিক হাকিম হাসিব উল্লাহ পিয়াসের আদালতে তোলা হয়। সেখানে ১৬৪ ধারায় তার জবানবন্দি নথিভুক্ত করা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জবানবন্দি নথিভুক্ত শেষে বাবু চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

আইনজীবী ইউসুফ আলী আরও জানান, বাবু চেয়ারম্যানকে গতকাল দুপুর ১টা ৪৫ মিনিটে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নথিভুক্তের আবেদন করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

পরে খাস কামরায় বিচারক তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দিতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বাবু। এর আগে নাদিম হত্যা মামলার আরও দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সন্ত্রাসীরা সাংবাদিক নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নাদিম হত্যার ঘটনায় তার স্ত্রী মনিরা বেগমের করা মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে ডিবি। বাবুকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তবে মামলার অন্যতম আসামি তার ছেলে রিফাত এখনো গ্রেপ্তার হয়নি।

গোলাম রব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।