বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, কেন্দ্রীয় যুবলীগসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কার্যনির্বাহী সংসদ সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের মুহাম্মদ ফারুক খান বলেন, বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে উৎসাহ রয়েছে। তেমনি বাংলাদেশের ভেতর ও বাইরে কিছু কিছু অপশক্তি নির্বাচনকে ঘিরে অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনের আগে বাংলাদেশের মানুষ নিজেদের সুসংগঠিত করবে এবং নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে।
ফারুক খান আরও বলেন, জামায়াত ইসলাম বাংলাদেশ একটি রাজনৈতিক দল, যদিও নির্বাচনের জন্য তাদের নিবন্ধন নেই। তারা রাজনৈতিক দল হিসেবে কর্মকাণ্ড করতে পারে। অতীতে তাদের কর্মকাণ্ড করতে দেওয়া হয়নি। কারণ যখনই তারা কোনো ধরনের সমাবেশ করেছে সেখানে সন্ত্রাসী ও জঙ্গিবাদ কর্মকাণ্ড করেছে। নির্বাচন সামনে তাই তাদের একটি সুযোগ দেওয়া হয়েছে। তারা পরীক্ষা দিক শান্তিপূর্ণ কর্মকাণ্ড করতে পারে কি না। পরীক্ষায় পাস করলে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে।