ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কুয়েত বিমানবন্দরে আটকা পড়েছেন ১৩ বাংলাদেশি। বিমানবন্দরে পৌঁছার আগেই তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের দেশে ফেরত পাঠাচ্ছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। শনিবার (২৪ জুন) রাতের ফ্লাইটে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা রয়েছে।
জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশ্যে বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রওনা দেন তারা। ফ্লাইটটি কুয়েতে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল কুয়েতের স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে। কিন্তু ফ্লাইটটি নির্ধারিত সময়ের ৫২ মিনিট পরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইট থেকে যাত্রীরা ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে রাত ১২টা পেরিয়ে গেলে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। সেই কারণে কুয়েত বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাদের প্রবেশ করতে দেয়নি। বৃহস্পতিবার কুয়েতের আল ফয়সাল নামক কোম্পানির ভিসায় কুয়েতে যান ওই ১৩ বাংলাদেশি।
ভুক্তভোগীরা জানান জানান, নতুন ভিসা বের হওয়ার পর ৩ মাস পর্যন্ত মেয়াদ থাকে। যেদিন ভিসার মেয়াদ শেষ, তারা সেদিনই পৌঁছেছেন। এজেন্সির লোক যদি একদিন আগেও ফ্লাইট দিয়ে দিত, তাহলে আর তাদের সমস্যা হতো না। টিকিটের দাম কম পাওয়ার জন্য দেরি করায় তাদের এই ভোগান্তিতে পড়তে হয়েছে।
বাংলাদেশ দূতাবাস কুয়েতের মিনিস্টার (শ্রম) আবুল হোসেন বলেন, খবরটি জানার পর দূতাবাসের পক্ষ থেকে নিয়োগদাতা কোম্পানির মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। মালিক নিজে গিয়ে চেষ্টা করলে তাদের হয়তো কুয়েতে প্রবেশ করানো সম্ভব হবে। সম্পূর্ণ ব্যাপারটা এখন মালিকের ওপরে। আমাদের কাজ কুয়েতে প্রবেশের পর।