রাজধানী মস্কোর দিকে অগ্রসরমান ওয়াগনার সেনাদের বহরে হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছে রাশিয়ার বিমানবাহিনী। শনিবার (২৪ জুন) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোস্তভ-অন-দনের পর রাজধানী মস্কোর মধ্যবর্তী ভোরোনেজ শহরের সামরিক স্থাপনা দখলে নিয়েছে ওয়াগনার যোদ্ধারা। তারা যেন মস্কোয় পৌঁছাতে না পারে—সেজন্য বিকেলে তাদের সেনা বহরে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়।
রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, ওয়াগনার বাহিনীর বহরটি প্রথমে রোস্তভ-অন-দন শহর থেকে ভোরোনেজে আসে। এরপর সেখান থেকে মস্কোর দিকে এগিয়ে যায়। আর ঠিক তখনই হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়।
ওই বহরটিতে সাঁজোয়া যান এবং অন্তত একটি ট্যাংক ছিল বলে জানিয়েছেন তিনি। তবে ট্যাংকটি একটি ট্রাকের ওপর ছিল। শহরটি মস্কো থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রসঙ্গত, ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন মস্কোর সামরিক নেতৃত্বকে অপসারণে বিদ্রোহের ঘোষণা দেওয়ায় দেশজুড়ে সন্ত্রাসবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাশিয়া। ইতোমধ্যে মস্কো, ভোরোনেজ ও সেন্ট পিটার্সবার্গে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী।