হজযাত্রীদের রাজনৈতিক প্রচারণা থেকে দূরে থাকাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন সৌদি আরবের প্রধান মুফতি ও সিনিয়র উলামা কাউন্সিলের চেয়ারম্যান শায়খ আবদুল আজিজ আলে শায়খ। গতকাল শনিবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদির প্রধান মুফতি বলেন, এটা (মক্কা) আল্লাহতায়ালার প্রতি সম্মান প্রদর্শনের পবিত্র জায়গা, ইবাদত কবুলের জায়গা। এ সময় প্রত্যেক এমন কাজ থেকে দূরে থাকা জরুরি, যা বায়তুল্লাহর জিয়ারত, আত্মিক ও মানসিক প্রশান্তির ক্ষেত্রে বাধা প্রদান করে এবং ঘৃণাবিদ্বেষ ছড়ায়। এ সময় কোনো ধরনের রাজনৈতিক স্লোগান দেওয়া উচিত হবে না।
তিনি বলেন, হজের জায়গাগুলোতে দোয়া এবং ইবাদত করা উচিত।
শায়খ আবদুল আজিজ আলে শায়খ হজযাত্রীদের তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে বলেন, একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ মনে ইবাদতের নিয়ত করতে হবে। নবী করিম (সা.)-এর সুন্নত অনুসরণের ইচ্ছা থাকতে হবে। হজপালনের সময় অবশ্যই আল্লাহর পবিত্রতা ও সম্মানের প্রতি খেয়াল রাখতে হবে। এ সময় আল্লাহতায়ালার প্রতি সম্মান প্রদর্শন-পূর্বক হজের সময় গোনাহ এবং খারাপ কাজ থেকে বিরত থাকা জরুরি বলেও উল্লেখ করেন সৌদির প্রধান মুফতি।