আসন্ন ঈদ উপলক্ষে কুড়িগ্রামে প্রায় পাঁচ লাখ পরিবারে বিতরণ করা হয়েছে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ভিজিএফের চাল। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে ভিজিএফের এ চাল বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শনিবার সকালে সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে চাল বিতরণ শুরু হয়। জেলার ৯ উপজেলা, ৩ পৌরসভা ও ৭২টি ইউনিয়নে এ চাল বিতরণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান, উপজেলা সরকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইয়াসিন আলী, ভোগডাঙা ইউপি চেয়ারম্যান সাইফুর রহমান প্রমুখ।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের তথ্য মতে, জেলার ৯ উপজেলায় ঈদ উপহার হিসেবে ভিজিএফের ১০ কেজি করে চাল পাচ্ছে পরিবারগুলো।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, জেলা প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে উপহারের চাল বিতরণ করা হচ্ছে।