সিঙ্গাপুরে নেওয়া হবে অসুস্থ মোশাররফকে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার  মোশাররফ হোসেনকে। আট দিন চিকিৎসা শেষে গতকাল শনিবার তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। সন্ধ্যায় দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন খন্দকার মোশাররফের ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন।

খন্দকার মারুফ বলেন, ‘পুরোপুরি সুস্থ না হলেও তাকে বাসায় নিয়ে এসেছি। তাকে সিঙ্গাপুর নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। যত দ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে।’

গত ১৭ জুন হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। খন্দকার মোশাররফ বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।