আংশিক উৎপাদনে পায়রা বিদ্যুৎকেন্দ্র, কমবে লোডশেডিং

দীর্ঘ ২০ দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরছে দেশের সবচেয়ে বড় ১ হাজার ৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক পায়রা বিদ্যুৎকেন্দ্র। ডলার সংকটে কয়লা আমদানি করতে না পারায় পায়রা বিদ্যুৎকেন্দ্র এত দিন বন্ধ ছিল।

রোববার (২৫ জুন) ভোররাত থেকে একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে। উন্নতি হবে লোডশেডিং পরিস্থিতির।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন করে আমদানি করা কয়লা দিয়ে প্রথম ইউনিট ৬৬০ মেগাওয়াট আংশিক সক্ষমতায় চালালে সাত-আট দিন যেতে পারে।

শুক্রবার আনা কয়লা দিয়ে কত দিন চলবে জানতে চাইলে বিদ্যুৎকেন্দ্রটির মালিকানা প্রতিষ্ঠান বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানির (বিসিপিসি) ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম বলেন, এখন আবহাওয়ার কারণে বিদ্যুতের চাহিদা বেশ কমে গেছে। সামনে কোরবানির সময় ছুটি থাকায় শিল্প-কারখানায় বিদ্যুতের চাহিদা থাকবে কম। এই জন্য আমার প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় চালাব না। আগামী ২৯ তারিখে কয়লার আরেকটি জাহাজ আসবে এবং এইভাবে আসতে থাকবে। প্রয়োজন হলে বিদ্যুৎকেন্দ্রের পূর্ণ সক্ষমতা ব্যবহার করা হবে।

এর আগে, ১১ জুন পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুনরায় শুরু করতে ৪০ হাজার টন কয়লা আমদানির ঋণপত্র খোলা হয়।

বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটির চীনা অংশীদার চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি) এই কয়লা আমদানির ঋণপত্র খোলে।

১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট আছে। প্রতিটির উৎপাদন সক্ষমতা ৬৬০ মেগাওয়াট।