নটিংহামের ট্রেন্টব্রিজে শুরু হয়েছে মেয়েদের অ্যাশেজের একমাত্র টেস্ট। ম্যাচের তৃতীয় দিনেই অনন্য রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের টামি বেমন্ট। ৩২ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার প্রথম ইনিংসে খেলেছেন ৩৩১ বলে ২০৮ রানের ইনিংস। মেয়েদের অ্যাশেজ ইতিহাসে এটিই কোনো ইংলিশ ব্যাটারের প্রথম ডাবল সেঞ্চুরি। মেয়েদের টেস্ট ইতিহাসে এটি ডাবল সেঞ্চুরির অষ্টম ঘটনা।
আট ঘণ্টার বেশি সময় ব্যাটিং করে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন বেমন্ট। ইংল্যান্ডের হয়ে এত দিন সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল বেটি স্নোবলের। ১৯৩৫ সালের ১৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ১৮৯ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি উইকেটকিপার-ব্যাটার স্নোবল। ৮৮ বছর পর এবার ইংল্যান্ডের ৯৯তম টেস্ট ম্যাচে এসে স্নোবলকে টপকে গেলেন বেমন্ট।
২০০৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসা বেমন্ট অবশ্য এমন কীর্তি গড়বেন, কিছুদিন আগপর্যন্ত আশা করেননি। গত বছরের মাঝামাঝিতে ডানহাতি এই ব্যাটারকে কমনওয়েলথ গেমস ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়। ক্যারিয়ার ওই সময়ই শেষ কি না, এমনও ভেবে ফেলেছিলেন বেমন্ট।
রেকর্ড গড়ার দিনে স্কাই স্পোর্টসকে সে সময়ের কথাই বলেছেন তিনি, ‘তখন আমি নিজেই জিজ্ঞেস করেছিলাম, আমি কি আর খেলা চালিয়ে যাব? শেষ বলার সময় চলে এসেছে কি না, ভাবছিলাম। ভাবছিলাম, আমার সেরা সময় কি অতীত হয়ে গেছে কি না। একপর্যায়ে সিদ্ধান্ত নিলাম, না, আমার সময় শেষ হয়ে যায়নি।’
ক্রিকেটে আরও কিছু পাওয়ার আছে, এমন বিশ্বাস থেকে ক্রিকেট ছাড়েননি বেমন্ট। তবে অ্যাশেজে ডাবল সেঞ্চুরি করবেন, ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন, এতটা তিনি ভাবেননি।