শ্রুতির বিচক্ষণতা

কখনো ঠোঁটে সার্জারি করানো, কখনো ব্যক্তিগত সম্পর্কের ইস্যুতে কটূক্তি শুনতে হয় শ্রুতি হাসানকে। তবে এসবে মোটেও বিচলিত নন দক্ষিণী এই তারকা। নিজের মতোই চলতে, জীবনযাপন করতে পছন্দ করেন। সম্প্রতি শ্রুতি নিজের ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ সেশনে অংশ নেন। যেখানে তার অনুসারীরা নানান ধরনের প্রশ্ন করেছেন। আর তিনি সেগুলোর উত্তর দিয়েছেন। এই সেশনেই এক অনুসারী ‘আপত্তিকর’ একটি প্রশ্ন করে বসেন। জানতে চান, ‘আপনি গাঁজা খান, তাই না?’ এমন প্রশ্ন শুনে হয়তো শ্রুতির রাগ হয়েছে। তবে তা নিয়ন্ত্রণ করে শান্তিপূর্ণ জবাব দিয়েছেন তিনি। জবাবটা এ রকম, ‘না, আমি শুকনো মাদক নিই না। আমি একটি শান্ত জীবনযাপন করি এবং এর জন্য আমি আনন্দিত।’ শ্রুতি হাসানকে নান্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে বড় বাজেটের ‘ভীরা সিমা রেড্ডি’ এবং চিরঞ্জীবীর সঙ্গে ‘ওয়াল্টার ভিরাইয়া’ ছবিতে দেখা গেছে তাকে। এ ছাড়া তার হাতে বড় কয়েকটি প্রজেক্ট রয়েছে। সবচেয়ে আকাক্সিক্ষত হলো ‘সালার’। প্রশান্ত নীল নির্মিত এই ছবির নায়ক প্রভাস। ছবিটি আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।