২ হাজার কোটি টাকা পাচার

৪৭ জনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র

২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অর্থ পাচার মামলায় সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম বাবরসহ ৪৭ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে সিআইডি। গত ২২ জুন ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে এ অভিযোগপত্র দেওয়া হলেও বিষয়টি গতকাল রবিবার জানাজানি হয়। এই মামলায় দুই বছরের বেশি সময় আগের অভিযোগপত্রে আসামি ছিলেন ১০ জন। মোহতেশামসহ নতুন করে অভিযুক্ত হলেন আরও ৩৭ জন। আদালত সংশ্লিষ্টরা জানান আগামী ৫ জুলাই অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হবে।

২০২০ সালের ১৬ মে রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার মোল্লাবাড়ি সড়কে জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় ওই বছরের ৭ জুন রাতে গ্রেপ্তার হন ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (পরে অব্যাহতিপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন বরকত এবং তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল। এরপর তাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী কার্যক্রম ও অর্থ পাচারের বিভিন্ন তথ্য বেরিয়ে আসতে থাকে। দুজনের বিরুদ্ধে বেশকিছু মামলা হয়।