নারায়ণগঞ্জের আড়াইহাজারে 'প্রেম করার জেরে' প্রেমিকার বাড়ির লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে পান্থ চন্দ্র দাস নামে (১৭) এক কিশোরকে হত্যা করা হয়েছে। রবিবার রাতে পান্থু চন্দ্র দাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে গত ২১ জুন বিকেলে পান্থকে বাড়ি থেকে ডেকে নেয় প্রেমিকার পরিবারের লোকজন। পরে তাকে বেঁধে বেধড়ক পিটুনি দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানে অবস্থার অবনতি হলে রবিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পান্থ চন্দ্র দাস গোপালদী পৌরসভার কলাগাছিয়া রত্মগরদী এলাকার বকুল চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় বাজারে নরসুন্দর হিসেবে কাজ করত।
পুলিশ জানান, কলাগাছিয়া রত্মগরদী গ্রামর বাবুল চন্দ্র দাসের মেয়ে শতাব্দী চন্দ্র দাসের সাথে একই গ্রামের পান্থ চন্দ্র দাসের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২১ জুন পান্থ তার প্রেমিকা শতাব্দীর সাথে বাড়ির পাশে দেখা করতে গেলে তার বাড়ির লোকজন দেখে ফেলে। পরে তাকে বাড়ি থেকে খবর দিয়ে এনে বেধড়ক পিটুনি দেয়। এরই জেরে রবিবার রাত ৯টার দিকে সে মারা যায়।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শতাব্দীর বাবা বাবুল চন্দ্র দাস ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।