খুলনায় নাশকতার দু’টি মামলায় সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ৬৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (২৬ জুন) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদিপক্ষের আইনজীবী গোলাম মাওলা।
এদিকে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খালাস পাওয়ার মধ্যদিয়ে আদালতের কাছ থেকে ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে সরকার উচ্ছেদ, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র ধ্বংস ও নাশকতা করার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা লোহার রড, বাঁশের লাঠি এবং ইটের টুকরো নিয়ে রওনা দেয় এ অভিযোগে সোনাডাঙ্গা থানায় মামলা করে পুলিশ।
সোনাডাঙ্গা থানার এস আই রহিত কুমার বিশ্বাস বাদি হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
২০১৯ সালের ২৯ জুলাই মামলাটির চার্জশিট দাখিল করেন সোনাডাঙ্গা থানার এস আই পল্লব কুমার সরকার। চার্জশিটে বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুসহ ৬৬ জনকে আসামি করা হয়। মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১ মামলাটি আমলে নেয় ২০১৯ সালের ১৪ অক্টোবর। ওই দিন মামলাটির বিচারকার্যের জন্য বিভাগীয় স্পেশাল জজ আদালতে পাঠানো হয়। পরবর্তীতে মামলাটি জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়।
মামলার বাদিপক্ষের আইনজীবী গোলাম মাওলা বলেন, চার্জশিটভুক্ত ৬৬ জনের মধ্যে দু’জন মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। আর বাকি ৬৪ জনকে খালাস দেন আদালত।