মা ও নবজাতকের মৃত্যু

হাইকোর্টে আগাম জামিন চাইলেন সেন্ট্রালের মিলি

রাজধানীর গ্রিন রোডে বেসরকারি সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসায় প্রথমে নবজাতক ও পরে মায়ের মৃত্যুর ঘটনায় করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন চিকিৎসক ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলি। গতকাল সোমবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ^জিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে আগামী ৫ জুলাই আদেশের জন্য ধার্য করে। আদালতে ডা. মিলির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি। রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ‘আগাম জামিনের ওপর শুনানি হয়েছে। ৫ জুলাই আদেশ দেবে হাইকোর্ট।’

সেন্ট্রাল হসপিটালে গাইনি চিকিৎসক অধ্যাপক ডা. সংযুক্তা সাহার অধীনে গত ৯ জুন ভর্তি হন মাহাবুবা রহমান আঁখি। কিন্তু এ সময় ডা. সংযুক্তা হাসপাতালে ছিলেন না। তার দুই সহযোগী চিকিৎসক আঁখির ডেলিভারি করানোর চেষ্টা করেন। কিন্তু জটিলতা দেখা  দেওয়ায় নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। একইসঙ্গে আঁখির অবস্থার অবনতি হলে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ১০ জুন নবজাতক মারা যায়। এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী রাজধানীর ধানম-ি থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে বেশ কয়েকজন চিকিৎসককে অভিযুক্ত একটি মামলা করেন। এ মামলায় ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহা কারাগারে রয়েছেন। গত ১৮ জুন দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আঁখি। ডা. মিলি এ মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি।