বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর

অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা হয়েছে।

৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। বাংলাদেশ নিজেদের মিশন শুরু করবে ৭ অক্টোবর, প্রতিপক্ষ আফগানিস্তান। ধর্মশালায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনে করে বিশ্বকাপের সূচি ঘোষণা করে আইসিসি। সাধারণত অন্যান্য বার বিশ্বকাপের এক বছর আগেই সূচি চূড়ান্ত হয়ে যায়। এবার অবশ্য নানা কারণেই সেটা হয়নি।

অনেক আলোচনা ও নাটকের পর বিশ্বকাপের মাত্র ১০০ দিন বাকি থাকতে সূচি আলোর মুখ দেখল।

স্বাগতিক ভারত তাদের মিশন শুরু করবে ৮ অক্টোবর। এদিন চেন্নাইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

দশ দলের বিশ্বকাপের বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। ১০ অক্টোবর সেই ম্যাচের ভেন্যুও ধর্মশালা।

১৪ অক্টোবর চেন্নাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯ অক্টোবর পুনেতে খেলবে স্বাগতিক ভারতের বিপক্ষে। ২৪ অক্টোবর মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। ২৮ অক্টোবর কলকাতায় খেলবে বাছাই পর্ব থেকে আসা ১ নম্বর দলের বিপক্ষে।

একই ভেন্যুতে ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা। ৬ নভেম্বর বাছাই পর্বের দ্বিতীয় দলের মুখোমুখি হবে। আর ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে খেলবে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ।

২০১৯ বিশ্বকাপের মতো এবারও প্রতিটি দল প্রথম পর্বে একবার করে একে অপরের মুখোমুখি হবে। এরপর সেরা চারটি দল যাবে সেমিফাইনালে।

সুপার লিগ থেকে আটটি দলের সরাসরি বিশ্বকাপে খেলা চূড়ান্ত হয়েছে আগেই। বাকি দুটি দল চূড়ান্ত হবে জিম্বাবুয়েতে চলমান বাছাই পর্ব থেকে।

এবারের বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৪৫টি। উদ্বোধনী ম্যাচের মতো ১৯ নভেম্বর টুর্নামেন্টের ফাইনালও হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।