লাল শাড়ি আমার স্বপ্নের সিনেমা দর্শক দেখলে কষ্ট সার্থক : অপু

এবারের ঈদেও প্রেক্ষাগৃহে দেখা মিলছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। মুক্তি পাচ্ছে তার অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক। সরকারি অনুদানে নির্মিত এই ছবি অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হয়েছে। একটি তাঁতপল্লীকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। ছবিতে অপু ও সাইমনের পর্দা-রসায়ন সবাই বেশ উপভোগ করবেন বলে মনে করেন পরিচালক।

অপু বিশ্বাস বলেন, ‘শাড়ির সঙ্গে বাঙালি নারীর আবেগ জড়িত, বাঙালি নারীর ভালোবাসা জড়িত। আমি চাই লাল শাড়ি হোক প্রতিটি বাঙালির সিনেমা। আমার স্বপ্নের সিনেমা এটি। দর্শকরা দেখলেই আমার কষ্ট সার্থক।’ মূলত তাঁতশিল্পের নানা গল্প উঠে আসবে এই সিনেমায়। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। ছবিটির কাহিনি ও সংলাপ লিখেছেন তানভীর সিডনি, চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।