পবিত্র ঈদুল আজহার দিনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলটির নেতারা। কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি রাখা হয়েছে। যদিও অধিকাংশ সিনিয়র নেতাই ঢাকায় ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া গত কয়েক বছরের মতো এবার গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ করবেন। তিনি সেখানেই কোরবানি দেবেন বলে জানা গেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে বলেছেন, ‘দেশের মানুষ বর্তমান দুঃসহ অবস্থা থেকে পরিবর্তন চায়।’
জানা গেছে, পবিত্র ঈদুল আজহার দিনে সকালে দলটির স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করতে যাবেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে পরিবার ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ঈদ উদযাপন করবেন। তার সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারও থাকবে।
বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। ঈদের পরদিন তিনি ঢাকায় ফিরবেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অসুস্থ। গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছেন। তিনি সেখানেই ঈদ করবেন।