মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারও চাঁদপুরের ৫ উপজেলার ৪০ গ্রাম ও চট্টগ্রামের চন্দনাইশসহ প্রায় ৬০ গ্রামের মুসল্লিরা একদিন আগে ঈদুল আজহা উদযাপন করবেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এসব গ্রামের বিভিন্ন মাঠে ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা গ্রামের সাদ্রার দরবার শরিফের পীর মাওলানা জাকারিয়া চৌধুরী মাদানী বলেন, ১৯২৮ সাল থেকে তার পিতা সাদ্রা গ্রামের পীর মাওলানা ইসহাক বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে এই রীতি চালু করেন। যা সঠিক বলে তার দাবি। এরপর থেকেই তার অনুসারীরা একদিন আগেই তা পালন শুরু করেন।
ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট এলাকার আনোয়ার হোসেন মুন্সি বলেন, আমার বাপদাদারা সাদ্রার দরবার শরিফের পীর সাহেবকে অনুসরণ করে আগাম দুই ঈদসহ ইসলাম ধর্মের সব অনুষ্ঠান পালন করে আসছেন। আমরাও পালন করছি।
সাতকানিয়ার মির্জারখীল দরবার শরিফ ও চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা ঈদ উদযাপন করবেন। দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও একদিন আগে পশু কোরবানি দেবেন।