ঈদে বাড়ি ফেরা হলো না আশামনি-খাদিজার

ঈদ উপলক্ষে মা-বাবার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি যাচ্ছিল দুই বোন। পথে কোরবানির গরুবাহী ভটভটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুই বোনসহ তিনজন নিহত হয়েছে। মা-বাবা আহত অবস্থায় আছেন হাসপাতালে। বগুড়া সদরে এরুলিয়া উচ্চ বিদ্যালয়সংলগ্ন রোডে গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছে। নাটোরের বড়াইগ্রামে বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। টাঙ্গাইলের ভূঞাপুরে গরুবোঝাই ট্রাকের চাপায় এক ‍বৃদ্ধ নিহত হয়েছেন। নেত্রকোনার কেন্দুয়ায় পৃথক দুর্ঘটনায় কিশোরসহ দুজন নিহত হয়েছে। বিস্তারিত সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবরে :

বগুড়ায় ভটভটি-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ : বগুড়া সদরে কোরবানির গরুবাহী ভটভটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই বোনসহ তিনজন নিহত হয়েছে। গতকাল সকাল পৌনে ৯টার দিকে এরুলিয়া উচ্চ বিদ্যালয়সংলগ্ন বগুড়া-নওগাঁ রোডে এ ঘটনা ঘটে। ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

গাইবান্ধায় বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত : গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছে। গতকাল দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (৪২) জেলার সাদুল্লাপুর উপজেলার জানিপুর গ্রামের বাসিন্দা।

বড়াইগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত : নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসচাপায় পিষ্ট হয়ে আবুল হোসেন তালুকদার (৬৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে আহম্মেদপুর রাহেলা মেমোরিয়াল হাসপাতালের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভূঞাপুরে গরুবোঝাই ট্রাকচাপায় বৃদ্ধ নিহত : টাঙ্গাইলের ভূঞাপুরে গরুবোঝাই ট্রাকের চাপায় হাবিবুর রহমান (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের কাগমারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কেন্দুয়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ২ : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন দ্বীন ইসলাম (১৭) ও বোরহান (১৯)।