নাড়ির টানে ঢাকা ছেড়েছে মানুষ, ফাঁকা রাস্তায় ছুটির আমেজ

বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। ঈদের আগে আজ বুধবার শেষ দিনে রাজধানীর রাস্তা অনেকটাই ফাঁকা দেখা গেছে।

কোরবানির ঈদ উপলক্ষে এবার টানা পাঁচ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (২৭ জুন) থেকে। ঈদে সাধারণত তিন দিন সরকারি ছুটি থাকে। তবে এবার যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে নির্বাহী আদেশে ২৭ জুন ছুটি ঘোষণা করে সরকার। আর ১ জুলাই শনিবার সরকারি ছুটি। ফলে এবার ঈদে একটানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

ফলে শেষ কর্মদিবস শেষ করে গতকালই ঢাকা ছেড়ে গেছে অধিকাংশ মানুষ। আজ বুধবার ঈদের আগে শেষ দিনে ঢাকার স্থায়ী বাসিন্দা কিংবা বিভিন্ন কারণে গ্রামে ফিরতে না পারা মানুষদের দেখা গেছে রাস্তায়। ফলে ঢাকার রাস্তা আজ কার্যত ফাঁকা।

সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে রাজধানীর রাস্তায় কিছু মানুষ বের হয়েছেন কোরবানির গরু কিনতে কিংবা শেষ মুহূর্তের জরুরি কেনাকাটা সারতে। ফলে ঢাকার সেই চেনা যানজট, গাড়ির হর্ন চোখে পড়েনি। যেন এক অন্যরকম ঢাকা। কোলাহল নেই, মানুষের হাঁকডাক নেই। অশান্ত ঢাকা যেন আজ শান্ত।

কোটি মানুষের শহর ঢাকাকে এমন রূপে সচরাচর দেখা যায় না। কেবল দুই ঈদ আসলেই এমন নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায় ঢাকা ও তার স্থায়ী বাসিন্দারা।

বুধবার রাজধানীর মতিঝিল, কুড়িল বিশ্বরোড, মিরপুর রোড, জাহাঙ্গীরগেট এলাকা, বাংলামোটর, বনশ্রী, রামপুরা, কারওয়ান বাজার, হাতিরঝিল, মগবাজার, খিলগাঁওসহ অধিকাংশ সড়কে যানবাহন তেমন একটা চোখে পড়েনি। এমনকি গণপরিবহনগুলোতেও তেমন ভিড় ছিল না। আজ ঢাকার রাস্তা ছিল কোরবানির পশুবাহী যানবাহনের দখলে।

রাজধানীর বাংলামোটর এলাকায় কথা হয় মিরপুর-১০ এর বাসিন্দা শহিদুল ইসলামের সাথে। তিনি জানান, প্রাইভেট কারে করে মিরপুর ১০ থেকে বাংলামোটর আসতে সময় লেগেছে মাত্র ১৫-১৬ মিনিট। অথচ ব্যস্ত দিনগুলোতে তার সময় লাগত কমপক্ষে ৩৫ মিনিট।

আসাদুজ্জামান নামে আরেক পথচারী জানান, আজ রাস্তা একদম ফাঁকা। কোথাও কোনো সিগনালে দাঁড়াতে হয়নি। রাস্তায় শুধু রিকশা আর ব্যক্তিগত গাড়ি। সাথে অল্প কিছু পাবলিক বাস। ফলে স্বাভাবিক সময়ে যে যাত্রায় ১ ঘণ্টা সময় লাগত। এখন সেখানে ১৫-২০ মিনিট সময় লাগছে।

তবে তিনি জানান, আজ বাস-সিএনজিতে ঈদ বোনাস নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। অধিকাংশ যাত্রীরা খুশি মনেই ঈদ বোনাস দিচ্ছেন।