বাংলাদেশ এগিয়ে ২-১ গোলে

মোরসালিনের চোখ ধাঁধানো গোল

মালদ্বীপের বিপক্ষে দারুণ এক গোলের পুরস্কার স্বরূপ ভুটানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পান শেখ মোরসালিন। কোচের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি ম্যাচের ২১তম মিনিটেই। ভুটান শুরুতে এগিয়ে গেলেও চোখ ধাঁধানো এক গোলে বাংলাদেশকে সমতা এনে দিয়েছেন মোরসালিন। পরে আত্মঘাতী গোলে ৩০তম মিনিটে ২-১ এ লিগ নিয়েছে হাভিয়ের কাবরেরার দল।

সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় খেলা। ১২তম মিনিটে তসেন্দা দর্জি এগিয়ে নেন ভুটানকে। ২১তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে দেখার মতো এক গোলে দলকে সমতা এনে দেন মোরসালিন।

এরপর ৩০ তম মিনিটে আত্মঘাতী গোল পায় বাংলাদেশ।

সেমিফাইনাল নিশ্চিত করতে হলে এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই চলবে জামাল ভূঁইয়াদের।

এমনকি এক গোলের ব্যবধানে হারলেও হাভিয়ের কাবরেরার দল পৌঁছে যাবে শেষ চারে।

এই গ্রুপ থেকে লেবানন তিন ম্যাচের সব কটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সেরা দল হিসেবে সেমিফাইনালে পা রেখেছে।