স্টিভেন স্মিথের ব্যাটে ভর করে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪১৬ রানের পুঁজি গড়েছে অস্ট্রেলিয়া।
৫ উইকেটে ৩৩৯ রান নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দিন শুরু করে অজিরা। এদিন আর ৭৭ রান যোগ করতে পেরেছে দলটি।
লঞ্চের আগেই গুটিয়ে যায় অজিরা। পরে ইংলিশরা ব্যাটিং শুরু করে লাঞ্চ বিরতির আগে ৪ ওভারে বিনা উইকেটে ১৩ রান তুলেছে।
অস্ট্রেলিয়ার পক্ষে ৮৫ রানে দিন শুরু করা স্মিথ টেস্ট ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি তুলে নেন। জশ টংয়ের শিকার হওয়ার আগে ১৮৪ বলে ১৫ চারে ১১০ রান করেন তিনি।
সেঞ্চুরি হাঁকিয়ে অজি কিংবদন্তি স্টিভ ওয়াকে ছুঁয়ে ফেললেন স্মিথ। টেস্ট ক্রিকেটে অজিদের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি রিকি পন্টিংয়ের (৪১টি)। তার পরই রয়েছেন স্মিথ (৩২টি) ও স্টিভ ওয়া (৩২টি)।
স্মিথের সঙ্গে দিন শুরু করা অ্যালেক্স ক্যারি ২২ রানে ফেরেন। অধিনায়ক প্যাট কামিন্স ২২ রানে অপরাজিত থেকে যান।
আগের দিন ডেভিড ওয়ার্নার ৬৬ ও ট্রাভিস হেড ৭৭ রানের ইনিংস খেলেন। এ ছাড়া ৪৭ রান আসে মার্নাস লাবুশেনের ব্যাট থেকে।
প্রথম ইনিংসে ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ওলি রবিনসন ও জস টং। দুজনই ৩টি করে উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন জো রুট।
এজবাস্টনে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে অজিরা।