সাফ চ্যাম্পিয়নশিপ

কুয়েত ম্যাচ নিয়ে তপু বললেন, ‘আমরা প্রস্তুত’

১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে উজ্জীবিত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে আরও এক ধাপ অর্থাৎ ফাইনালের পথে পা বাড়াতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের। শেষ চারে প্রতিপক্ষ যে কুয়েত।

তবে দুই দলের শক্তিমাত্রার পার্থক্য নিয়ে বিচলিত হয় হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ডিফেন্ডার তপু বর্মন তাই কুয়েত ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে উঠলেন, ‘আমরা প্রস্তুত’।

গ্রুপ পর্বে লেবাননের বিপক্ষে হেরে আসর শুরু করলেও মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে জয় তুলে নেয় জামাল ভূঁইয়ারা। সুবাদে ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে পা রাখে শেষ চারে।

আগামী শনিবার ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন কুয়েতের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ দল।

চলতি সাফে যে আট দল খেলছে, র‌্যাঙ্কিং বিবেচনায় কুয়েত সেখানে তৃতীয়। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৪৩তম স্থানে তারা। বাংলাদেশের অবস্থান সেখানে ১৯২তম।

গ্রুপ পর্বে নেপালকে ৩-১ ও পাকিস্তানকে ৪-০ গোলে হারানোর পর ভারতের বিপক্ষে ১-১ ড্র করে কুয়েত। সুবাদে হয় গ্রুপসেরা। তপুর চোখে ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে খেলা কুয়েত চলতি আসরে ‘সবচেয়ে শক্তিশালী’ দল। তাই বলে ভয় পাওয়ার মতো কিছু দেখছেন না তিনি।

বুধবার বাফুফের পাঠানো ভিডিও বার্তায় তপু বলেন, ‘আমরা যেভাবে এবারের সাফ শুরু করেছি, এটা খুব ইতিবাচক। সবাই মিলিতভাবে আমাদের যে লক্ষ্য ছিল- সেমিফাইনালে খেলা, সেটা নিশ্চিত করেছি। সেমিতে আমাদের প্রতিপক্ষ কুয়েত। এবারের সাফে যে দেশগুলো আছে, তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল তারা। এটা আমরা জানি। তারপরও আমরা প্রস্তুত।’

এবারের সাফে বাংলাদেশ যেন অন্য রূপে হাজির হয়েছে। লেবানের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও ভালো ফুটবল খেলেছিলেন জামাল-তপুরা। মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে পরের দুই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে তুলে নেয় দারুণ জয়। রাকিব হোসেন, শেখ মোরছালিনের মতো তরুণরা দারুণ খেলছেন।

তপু বললেন পুরো দলই এখন খুব ইতিবাচক, ‘আমাদের যে মোরাল বুস্টআপটা আছে, সবাই খুব পজিটিভ। সবাই (কুয়েত ম্যাচ নিয়ে) মানসিকভাবে প্রস্তুত এবং শারীরিকভাবেও প্রস্তুত। আমরা সেমিফাইনালে কুয়েতের সঙ্গে ম্যাচটা খেলব। এটা আমার কাছে মনে হয়, পুরো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জায়গায় যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি, তাহলে ফাইনালে উঠব। তাই অবশ্যই আমরা সবাই প্রস্তুত।’

শনিবারই সেমিফাইনালের আরেক ম্যাচে লড়বে লেবানন ও ভারত।