১০ দিনের জন্য নিষিদ্ধ মরিনহো

আবার শাস্তির কবলে পড়তে হলো হোসে মরিনহোকে। রেফারির সমালোচনা করায় সেরি ‘আ’-তে ১০ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে এএস রোমার কোচের দায়িত্বে থাকা এই পর্তুগিজকে।

৬০ বছর বয়সী মরিনহো ক’দিন আগে উয়েফার নিষেধাজ্ঞাও পেয়েছেন। ইউরোপা লিগের ফাইনালে রেফারির সঙ্গে বাজে ব্যবহার করায় ৪ ম্যাচের নিষেধাজ্ঞা পান। সপ্তাহখানেকের মধ্যে এবার দ্বিতীয় দফায় শাস্তি পেতে হলো তাকে।

এবারের শাস্তি গত মে মাসের শুরুতে সেরি আয় মোনসার বিপক্ষে রোমার ১-১ ড্র ম্যাচের ঘটনার জেরে। ওই ম্যাচ শেষে প্রকাশ্যে রেফারি দানিয়েলে কিফ্ফির সমালোচনা করেন পর্তুগিজ এই কোচ।

আর এতেই ১০ দিনের জন্য নিষেধাজ্ঞার পাশাপাশি ৫০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে তাকে।

সিরি ‘আ’তে আগামী মৌসুমের প্রথম দিন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ফলে মৌসুমে দলের প্রথম ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না মরিনহো।