ফেন্টানিলের উপাদান পাচার

চীনা কোম্পানির বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের

অবৈধভাবে ব্যাথা নাশক ওষুধের উপাদান ফেন্টানিল পাচার করার অভিযোগে প্রথমবারের মত চীনের বেশ কয়েকটি ওষুধ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। একই অভিযোগে দেশটির নির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে মামলাও দায়ের করেছে তারা। শুক্রবার (৩০ জুন) এমন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় মার্কিন বিচার বিভাগ।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন এক সময়ে এ ঘোষণা আসল- যখন উভয় দেশ আসক্তিমূলক ব্যথানাশক ড্রাগের প্রবাহকে প্রতিরোধে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিউ ইয়র্কের দক্ষিণ এবং পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে প্রথমবারের মত চারটি চীনা কোম্পানি এবং নির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে, যাদের বিরুদ্ধে আসক্তিযুক্ত ব্যথানাশক ফেন্টানিল তৈরিতে ব্যবহৃত উপকরণ পাচারের অভিযোগ আনা হয়েছে। মার্কিন বিচারের নথিতে চারটি চীনা সংস্থা ছাড়াও আটজন কর্মচারী ও নির্বাহীকেও অভিযুক্ত করা হয়েছে।

এদিন মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেন, আমরা ফেন্টানিলের প্রতিটি পদক্ষেপ -উৎপাদন এবং বিক্রয়কে শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করছি। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিচার বিভাগ ফেন্টানিল মহামারির শিকারদের কখনই ভুলবে না এবং যারা এর জন্য দায়ী তাদের জবাবদিহি করার জন্য আমরা কখনই থামব না।’

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এই অভিযোগের সমালোচনা করে বলেছে যে, তারা মার্কিন সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে । মন্ত্রণালয় আরও বলেছে, ‘এটি নির্বিচার আটক ও একতরফা নিষেধাজ্ঞার একটি ক্লাসিক মামলা এবং এটি সম্পূর্ণ অবৈধ। এ পদক্ষেপ চীনা নাগরিকদের মৌলিক মানবাধিকার এবং চীনা উদ্যোগের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে। ’

চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ ফেন্টানিল জব্দ করা হয়েছে। জব্দ হওয়া এই ফেন্টানিল দিয়ে যুক্তরাষ্ট্রের সব নাগরিককে হত্যা করা সম্ভব বলে জানিয়েছে দেশটির মাদক বিষয়ক প্রশাসন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)।

মাদক গ্রহণের কারণে ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর দুই-তৃতীয়াংশই ফেন্টানিল সেবনের কারণে মারা গেছে।

ফেন্টানিল হচ্ছে মানুষের তৈরি এ যাবৎকালের সবচেয়ে প্রাণঘাতী মাদক। মার্কিন মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের তথ্যানুযায়ী, এ মাদক হেরোইনের চেয়ে ৫০ গুণ ও মরফিনের তুলনায় শতগুণ বেশি শক্তিশালী। মাত্র ২ মিলিগ্রাম ফেন্টানিল একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট।