পূর্ব ইউরোপের দেশ মলদোভার চিসিনাউ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি গুলি চালিয়েছে। এতে অপর দুই ব্যক্তি নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও একজন আহতও হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শনিবার (১ জুলাই ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এক বিদেশি নাগরিককে মলদোভায় প্রবেশ করতে না দেওয়ায় গুলির এ ঘটনা ঘটে। এ প্রসঙ্গে সরকারের প্রেস সেক্রেটারি ড্যানিয়েল ভোদা মলদোভান টিভিকে বলেছেন, ওই ব্যক্তি তুরস্ক থেকে এসেছিলেন। মলেদোভায় প্রবেশে তাকে প্রত্যাখান করা হয়েছিল। এ সময় বিমানবন্দরের বিশেষ একটি স্থানে তাকে নিয়ে যাওয়া হলে, তিনি বন্দরে কর্মরত এক সীমান্ত পুলিশ কর্মকর্তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেন এবং দুই ব্যক্তিকে হত্যা করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বন্দুকধারীও আহত হয়েছে। এরইমধ্যে তাকে আটকও করা হয়েছে।
এদিকে মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু বলেন, নিহত দুজনের মধ্যে একজন সীমান্তরক্ষী এবং অপর এক নিরাপত্তা কর্মাকর্তা রয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।
অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী ডোরিন রেসেন বলেছেন, গুলির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন হলেন তাজাকিস্তানের এক নাগরিক (৪৩)।