বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, সিমান্তে বিজিবি'র কঠোর নজরদারীর কারণে চামড়ার পাচার হয়নি। আর কোরবানির সময় চামড়ার বেশি সরবরাহের কারণে দাম কিছুটা কম থাকে।
শনিবার বেলা ১১টায় ফরিদপুর শহরের চামড়া বাজার ও গোড়াউন পরিদর্শন কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি চামড়া ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
তিনি বলেন, বিশ্ব বাজারে চামড়ার ব্যবহারের পাশাপাশি প্লাস্টিকের বহুমুখী ব্যাবহার বেড়ে যাওয়ায় তুলনামূলক ভাবে চামড়ার দর কমে গেছে। তবে আশার খবর হলো, সাভারের চামড়াপল্লীতে সিইপিটিকে সম্পূর্ণ করতে পারি তাহলে আমাদের ব্যবসায়ীরা ভাল দাম পাবে। বর্তমানে আমরা চায়নার বাজারে চামড়া রপ্তানি করছি। আমরা কমপ্ল্যান্ট হতে পারলে বিশ্ব বাজারে ভাল দাম পাবো, পাশাপাশি ব্যবসয়ীরাও ভাল দাম পাবে।
এসময় তার সঙ্গে ছিলেন, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, ফরিদপুর চেম্বারের প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ভোক্তা অধিকারের সহকারি পরিচালক সোহেল শেখ, ফরিদপুর চামড়া ও মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জানে আলম, শরীয়তউল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূর ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার সহ বাজারের কর্মকর্তা বৃন্দ।