শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, আজ সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বিকেল ৩টার পর সেই বৃষ্টির মাত্রা বেড়ে যায়। সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার থেকে বৃষ্টি কমবে। তবে বৃষ্টির কমার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম পড়বে। ঢাকায় বাতাসের বেগ প্রতি ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। এ কারণে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম লাগছে এবং স্যাঁতসেঁতে অনুভূত হচ্ছে।
টানা বৃষ্টিতে রাজধানীর অলি-গলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সকাল থেকে কখনও মুষলধারে আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। সকাল পেরিয়ে সন্ধ্যা নামলেও নগরবাসীর পিছু ছাড়ছে না বৃষ্টি।
গ্রিন রোড, পান্থপথ, ধানমন্ডি, শুক্রাবাদ, গার্ডেন রোড, কাঁঠালবাগান, আজিমপুর, সুবাস্ত, রামপুরা ব্রিজ, মিরপুর,শেওড়াপাড়া, ইস্কাটন রোডসহ (হলি ফ্যামিলির সামনে) ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে।
এসব এলাকার রিকশা ও বিভিন্ন গাড়ির চাকা অর্ধেকের বেশি ডুবে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন ব্যবহারকারীরা।