ঈদ শেষে হঠাৎ করেই মানিকগঞ্জের সিংগাইরে হাটবাজারে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী। গত দুই সপ্তাহ আগে বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪০-৫০ টাকায়। ঈদের ৪-৫ দিন আগে বিক্রি হয়েছে প্রতি কেজি ২০০ থেকে ৩০০ টাকায়। ঈদের আগের দিনও যে মরিচ ৪০০ টাকায় বিক্রি হয়েছে সেই মরিচ ঈদের পর এক লাফে ৬০০ টাকা। এতে চরম বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ।
শনিবার সকালে উপজেলার বৃহত্তম জয়মন্টপ বাজারসহ বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। মানুষ উপায়ান্তর না পেয়ে চাহিদার চেয়েও অনেক কম পরিমাণে মরিচ ক্রয় করছেন। অনাকাক্সিক্ষত দামের ঊর্ধ্বগতিতে ক্রেতা-বিক্রেতাদের দেখা গেছে তর্ক-বিতর্ক করতে।