রূপপুরের মালামাল নিয়ে রাশিয়ার জাহাজ মোংলায়

পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ছেড়ে আসা পানামা পতাকাবাহী জাহাজ এমভি লিবার্টি হারভেস্ট মোংলা বন্দরে ভিড়েছে।

রোববার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বন্দরের ৭ নম্বর জেটিতে জাহাজটি ভিড়ে।

এর আগে, গত ৩ মে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে রূপপুরের পণ্যবাহী জাহাজ লিবার্টি হারভেস্ট।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এইচ এস আর ওসান ট্রেডের ব্যবস্থাপক (মোংলা) বিপ্লব খাঁন জানান, গত ৩ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এমভি লিবার্টি হারভেস্ট। রোববার দুপুরে পানামা পতাকাবাহী জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে।

জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্টিক টন ওজনের ৯৭৫ প্যাকেজ মেশিনারি পণ্য এসেছে। দুপুর ২টা থেকে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হবে বলে জানিয়েছেন শিপি এজেন্ট কর্মকর্তা বিপ্লব খাঁন।

তিনি বলেন, জাহাজ থেকে খালাসকৃত পণ্য রাখা/সংরক্ষণ/ডাম্পিং করা হবে বন্দর জেটির সেডে। জাহাজের সমুদয় পণ্য খালাসে সময় লাগবে তিনদিন। এরপর সড়ক পথে এসব নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।