গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও করতোয়ার পানি বৃদ্ধি

কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় করতোয়া ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদী ভাঙনের শঙ্কায় রয়েছেন নদী তীরবর্তী মানুষরা। তবে ঘাঘট ও তিস্তার পানি কমা অব্যাহত রয়েছে।

রোববার (২ জুলাই) বিকেলে নদ-নদীর পানি পরিমাপ করে এ তথ্য জানিয়েছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড। তাদের দেওয়া তথ্যমতে, শনিবার বিকেল ৩টা থেকে আজ রোববার বিকেল ৩টা পযর্ন্ত করতোয়া ও ব্রহ্মপুত্রের নদের পানি বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি পয়েন্টে ১৬ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখ পয়েন্টে ১ সেন্টিমিটার বেড়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ৪ সেন্টিমিটার ও তিস্তার পানি সুন্দরগঞ্জ পয়েন্টে ১৭ সেন্টিমিটার কমেছে।

করতোয়া ও ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধির ফলে সদর, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার নদীবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে চরসহ ভাঙন আতঙ্কে রয়েছে নদী পারের মানুষরা। পানি আরও বৃদ্ধি পেলে নতুন নতুন এলাকায় পানি উঠার শঙ্কা রয়েছে।

গাইবান্ধা পানি উনয়ন বোর্ডের (পাউবো) নিবার্হী প্রকৌশলী মো. হাফিজুল হক বলেন, ব্রহ্মপুত্র ও করতোয়া নদের পানি বাড়লেও তিস্তা ও ঘাঘটের পানি কমতে শুরু করেছে। তবে কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। রোববার বিকেল ৩টা পর্যন্ত ব্রহ্মপুত্র, ঘাঘট, করতোয়া, তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।