দাঙ্গা-সহিংসতায় উত্তাল ফ্রান্স। এর মধ্যেই দেশটিকে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বলল চীনা দূতাবাস। রবিবার (০২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের চীনা দূতাবাস রবিবার একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়, দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইতে চীনা পর্যটক বহনকারী একটি বাসে হামলা চালিয়ে গাড়ির জানালা ভেঙে দেওয়া হয়েছে। এ সময় কয়েকজন সামান্য আহত হয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্সকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানায় চীন। এছাড়া চীনা নাগরিকদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে তারা।
গত মঙ্গলবার প্যারিসের উপশহর নানতেরে ট্রাফিক বিধি অমান্য করে জোরে গাড়ি চালানোর অভিযোগে নাহেল এম. নামের (১৭) এক কিশোরকে গাড়ি থামানোর নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু নাহেল তা অমান্য করে গাড়ি নিয়ে সরে পড়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ সদস্যরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাহেলের মৃত্যুর জেরে ব্যাপক বিক্ষোভ শুরু হয় ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে। বৃহস্পতিবার রাত ৯টা থেকে প্যারিসের কয়েকটি এলাকায় কারফিউ শুরু হয়েছে, যা চলবে সোমবার পর্যন্ত।