সাবানের বাক্সে মিলল ১৪ কোটি টাকার হেরোইন!

ভারতের আসামে পৃথক অভিযানে ১৪ কোটি ৪০ লাখ ১৬ হাজার টাকার হেরোইন জব্দ করা হয়েছে। জব্দ করা হেরোইনের সন্ধান পাওয়া যায় সাবানের বাক্সে। এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং কামরূপ জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ হেরোইন জব্দ করা হয়।

সংবাদ সংস্থা এএনআইকে এসটিএফের ডিআইজি পার্থসারথি মহান্ত বলেন, কামরূপ জেলা পুলিশের কাছ থেকে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালায় এসটিএফ। এ সময় ৭০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। একটি গাড়িতে করে এসব মাদক নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় তিনজন গ্রেপ্তার হন।

ডিআইজি আরও জানান, গুয়াহাটি থেকে মাদক নিয়ে ধুবড়ির দিকে যাচ্ছিল অভিযুক্তরা। পলাশবাড়ি এলাকায় গাড়ি আটকায় পুলিশের দল। জব্দ করা হয় ৫০টি সাবানের বাক্স। সেখান থেকেই উদ্ধার করা হয়েছে ওই মাদক।

গত ২৫ জুনও ঠিক একই কায়দায় হেরোইন পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। সে দিন অভিযান চালিয়ে ২.২ কেজি হেরোইন জব্দ করা হয়। ৪০টিরও বেশি সাবানের বাক্সে রাখা ছিল হেরোইন। সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

হাজো থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিলেন অভিযুক্তরা। এই পাচার কারবারে আর কেউ জড়িত রয়েছেন কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ।