রাশিয়ার ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের নিয়ন্ত্রণাধিন একটি মিডিয়া হোল্ডিং গ্রুপ বন্ধ হতে যাচ্ছে। গ্রুপটির সহযোগি এক প্রতিষ্ঠানের পরিচালক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, প্রিগোঝিনের নেতৃত্বে ভাড়াটে ওয়াগনার গ্রুপের যোদ্ধারা এক ব্যর্থ বিদ্রোহ পরিচালনার এক সপ্তাহ পর বাহিনী প্রধানের এই দুর্ভাগ্য শুরু হয়েছে।
রবিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রিগোঝিনের নিয়ন্ত্রণাধিন এই সংবাদমাধ্যম হল ‘প্যাট্রিয়ট মিডিয়া’। এর সবচেয়ে প্রভাবশালী সংবাদভিত্তিক আউলেট ছিল ‘রিয়া ফান’। যেখানে শক্তিশালী রুশ জাতীয়তাবাদী ও ক্রেমলিনপন্থি সম্পাদকীয় প্রকাশ করা হত। পাশাপাশি এর মাধ্যমে প্রিগোঝিন ও তার ওয়াগনার গ্রুপের ইতিবাচক প্রচারণাও চালানো হত।
রিয়া ফান-এর পরিচালক ইয়েভজেনি জুবারেভ শনিবার (১ জুলাই) সংবাদমাধ্যমটির সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ‘আমাদের প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দেশের তথ্য জগত থেকে সরে যাওয়া ঘোষণা দিচ্ছি আমি।’
তবে কি কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে সম্পর্কে কোনো কিছু জানাননি জুবারেভ।
এর আগে রুশ সংবাদপত্র কামারসান্ত জানায়, কোনো কারণ দর্শানো ছাড়াই দেশটির তথ্য ও যোগাযোগ পর্যবেক্ষণকারী সংস্থা রোসকমান্দজোর প্রিগোঝিন সংশ্লিষ্ট কয়েকটি সংবাদমাধ্যম বন্ধ করে দিয়েছে।
২৩ জুন ইয়েভজেনি প্রিগোঝিনের নেতৃত্বে রুশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে ওয়াগনারের সশস্ত্র যোদ্ধারা। কিন্তু শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থ হয়। পরে বেলারুশের প্রেসিডেন্ট লুকোশেঙ্কোর মধ্যস্থতায় এক চু্ক্তি অনুসারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক মিত্র প্রিগোঝিনকে মিনস্কে নিবার্সনে পাঠানোর অনুমতি দেওয়া হয়।