পূর্বপুরুষের দাস ব্যবসার জন্য ক্ষমা চাইলেন ডাচ রাজা

দাস ব্যবসার মতো হীন কাজের সঙ্গে রাজপরিবারের জড়িত থাকার ‘অতীত ইতিহাসের’ জন্য ক্ষমা চেয়েছেন নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার। তিনি জানিয়েছেন, বিষয়টি তাকে মর্মাহত করেছে। ১৭ শতকের পর নেদারল্যান্ডস বিশ্বের অন্যতম বড় ঔপনিবেশিকে পরিণত হয়। এ সময় বিভিন্ন জায়গায় নিজেদের সাম্রাজ্য বিস্তার করে ডাচরা। আর দেশটির দাস ব্যবসায়ীরা ছয় লাখ মানুষকে দাস হিসেবে বিভিন্ন জায়গায় পাচার করে। আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর রাজা উইলেম-আলেক্সান্ডার দাস ব্যবসাকে ‘ভয়ানক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এমন জঘন্য কাজ বন্ধ করতে ওই সময় রাজপরিবার কোনো ব্যবস্থাই নেয়নি। নেদারল্যান্ডসে দাস ব্যবসা রহিতকরণের ১৬০ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। ওই সময় অতীত কালো ইতিহাসের জন্য ক্ষমা চান রাজা আলেক্সান্ডার।