দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ১০৬ জন নিবন্ধিত ডেলিগেট নিয়ে সৃজনঘরের তিন দিনব্যাপী তারুণ্য উন্নয়ন কর্মশালা আজ শুরু হচ্ছে। ‘সৃজনঘর তারুণ্য-উন্নয়ন কর্মশালা-২০২৩’ শিরোনামে তিন দিনের এই কর্মশালাটি সিলেট মহানগরীর মেজরটিলার জামেয়া আরাবিয়া মারকাযুল উলুম মোহাম্মদপুর মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন বরেণ্য লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, খ্যাতিমান লেখক সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ, বরেণ্য কবি ও ইতিহাসবিদ মুসা আল হাফিজ, উচ্চারণ ও আবৃত্তির খ্যাতিমান প্রশিক্ষক বিএম হারিস, লেখক ও সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ, মাওলানা আলী হাসান তৈয়ব, সিয়ানাহ ট্রাস্ট সিলেটের পরিচালক মুফতি জিয়াউর রাহমান এবং তরুণ কথাসাহিত্যিক সাবের চৌধুরী।
মোট ৮টি সেশনে প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হয়েছে যথাক্রমে চিন্তার সজীবতা : পরিশুদ্ধি ও পুনর্গঠন, ঐতিহ্য, ঐতিহ্যসচেতনতা ও আত্মমর্যাদাবোধ, ইতিহাস অধ্যয়নের উসুলি প্রক্রিয়া :
স্বীকৃতি ও বিকৃতি, দৈনন্দিন জীবনের শিষ্টাচার, আদর্শ মুসলিম পরিবার, উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, ভাষার প্রয়োগ ও বিন্যাস এবং লেখালেখির সাতপাঁচ।
শতাধিক তরুণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিন দিনব্যাপী প্রশিক্ষণের বিভিন্ন অবসরে থাকছে বিশেষায়িত আয়োজন, বৈঠকি আলাপ, নাশিদ ও কবিতার আসর। থাকছে মানযাচাইমূলক পরীক্ষা, নামাজের সুন্নতি প্র্যাকটিস, শেষরাতের দোয়া ও জিকির।
৫ জুলাই বুধবার বিকাল ৩টায় তিন দিনব্যাপী প্রশিক্ষণমূলক এ অনুষ্ঠানের সমাপনী অধিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বৃহত্তর সিলেটের মননশীল তরুণদের সংগঠন শীলিত সৃজনের ছায়ানীড় ‘সৃজনঘর’ তরুণদের আত্মোন্নয়নের লক্ষ্যে কাজ করছে। কয়েক বছর ধরে সৃজনঘরের আয়োজনে দিনব্যাপী তারুণ্যের মাহফিল দেশ-বিদেশে বেশ সাড়া ফেলেছে। এতে সারা দেশ থেকে হাজারের বেশি ডেলিগেট অংশ নেন। এ উপলক্ষে তারকাদের মেলা বসে।