সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার হিসেবে যোগ দিয়েছেন। গতকাল রবিবার সংস্থাটির সম্মেলন কক্ষে এর চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় কমিশনের সচিব মো. মাহবুব হোসেন, মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালকসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
এর আগে ১৩ জুন আছিয়া খাতুনকে দুদকের কমিশনার পদে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১ জুলাই দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খানের মেয়াদ শেষ হয়। তার স্থলাভিষিক্ত হলেন আছিয়া খাতুন।
আছিয়া খাতুন সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব থাকা অবস্থায় ২০২২ সালের ৩ জানুয়ারি অবসরে যান। তিনি ১৯৬৩ সালে চুয়াডাঙ্গার দর্শনায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জননী। তার স্বামীও সরকারের সচিব পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। ছাত্রজীবনে আছিয়া খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমকম (হিসাববিজ্ঞান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন এবং কৃতিত্বের স্বাক্ষর হিসেবে ‘মন্নুজান হল
কৃতী ছাত্রী’ পুরস্কার লাভ করেন। তিনি পরে দ্য ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ, দ্য নেদারল্যান্ডস থেকে উইমেন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে ‘পাবলিক পলিসি’-তে মাস্টার্স ডিগ্রি এবং নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।