ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নীলফামারী সদরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মাদ্রাসাশিক্ষক আব্দুল্লাহ আল মামুন ওরফে শাহিনুর ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার ভোরে উপজেলার গোড়গ্রাম কীর্তনীয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। হযরত ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার শিক্ষক শাহিনুর একই এলাকার সামছুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ১৪ বছর বয়সী মেয়েটি তিন বছর ধরে ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। ঈদের দিন রাতে মাদ্রাসার একটি কক্ষে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে ওই শিক্ষক। বিষয়টি জানতে পেরে থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

নীলফামারী সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

সরাইলে ৭ বছরের শ্যালিকাকে ধর্ষণের মামলায় ভগ্নিপতি গ্রেপ্তার : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাত বছরের শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার শাহজাদাপুর এলাকা থেকে নজরুল মিয়া (২৩) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সরাইল থানার ওসি মো. আসলাম হোসাইন জানান, গত ২৬ জুন দুপুরে শাহজাদাপুর গ্রামের সাত বছরের মেয়ে প্রতিবেশী বোনের স্বামীর বাড়িতে যায়। বোন তখন রান্নাঘরে থাকার সুযোগে নজরুল তাকে ধর্ষণ করে। তার চিৎকারে বোন ও স্বজনরা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেন। এ ঘটনায় মেয়েটির বাবা সরাইল থানায় মামলা করেন।