বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের কারণে ঈদে মানুষ বাড়িতে ফিরেও স্বস্তিতে ছিল না। কিশোরগঞ্জ, ভোলা, লাকসাম, গৌরনদীসহ কয়েকটি জেলায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হামলা করেছে অথবা নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে।’ গতকাল রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘গত ১৯ মে থেকে বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারা দেশে ২১৫টি মামলা হয়েছে। এসব মামলায় ৮৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৯ হাজার ৮০০-এর অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় কাজে ব্যবহার ও নির্বিকার ভূমিকার জন্যই আওয়ামী লীগের নেতাকর্মীদের দাপটে গোটা জাতি নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা এতটাই ভেঙে পড়েছে যে প্রতি পদে মানুষের জীবন বিপন্ন। ঈদের ছুটিতে প্রায় ৩৫ জন মানুষের জীবন হানি ঘটেছে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণে। তারা বেপরোয়া চালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।