বন্ধ পাটকল চালুর দাবিতে বরিশালে সমাবেশ

দেশের ২৬টি পাটকল ও ছয়টি চিনি কলসহ সব বন্ধ কলকারখানা রাষ্ট্রীয় মালিকানায় চালু করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা কমিটি।

গতকাল রবিবার বেলা ১১টায় নগরীর সদররোডে জাতীয় শ্রমিক ফেডারেশনের দেশব্যাপী ‘কালো দিবস’ উপলক্ষে এ কর্মসূচি পালন করে জাতীয় শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা কমিটি।

জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক জলিলুর রহমান, বাংলাদেশের ক্ষেতমজুর কেন্দ্রীয় কমিটি সদস্য উপাধ্যক্ষ হারুন অর-রসিদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ অজিজুর রহমান খোকন, জাতীয় শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সম্পাদক আমির আলী প্রমুখ।

বক্তারা বলেন, ২০২০ সালে সরকার লোকসান ও পুরাতন কলকারখানার অজুহাত দেখিয়ে ৪০ হাজার পাটকল শ্রমিকদের পেটে লাথি মেরে লুটপাটকারীদের আরও স্বাবলম্বী করার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সেই সব কলকারখানা পুনরায় চালুসহ শ্রমিকদের বকেয়া পরিশোধ করার দাবি জানাই।