পাঁচ দিনের শুভেচ্ছা সফরে গতকাল রবিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ফ্রান্সের নৌবাহিনীর জাহাজ এফএস সারকফ। এটি বন্দরের জেটিতে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘স্বাধীনতা’ অভ্যর্থনা জানায়।
সফররত জাহাজটিতে ১৭০ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন। ১২৫ মিটার দৈর্ঘ্যরে এই জাহাজটির অধিনায়কের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন জেরোম ডুবইস। অবস্থানকালীন সময়ে জাহাজটির অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা পতেঙ্গা, নৌবাহিনীর সমর কৌশলবিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস’, চট্টগ্রাম ওয়্যার সিমেট্রিসহ চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন। এ ছাড়া ফ্রা›েসর নৌবাহিনীর সদস্য ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি