যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে স্ট্রিট পার্টিতে বন্দুক হামলায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২৮জন আহত হয়েছে।
রবিবার এ খবর জানায় আল জাজিরা।
স্থানীয় সময় রোববার সাড়ে ১২টায় শহরের দক্ষিণ অংশের ব্রুকলিন হোমস এলাকায় এ হামলা হয় বলে জানান বাল্টিমোর পুলিশ ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত কমিশনার রিচার্ড ওয়ার্লি। তিনি জানান, আহতদের মধ্যে প্রায় অর্ধেকই ১৮ বছরের কম বয়সী।
আল জাজিরা জানায়, মূলত "ব্রুকলিন ডে" নামক এক অনুষ্ঠানে এলাকাটিতে শত শত লোক জড়ো হয়েছিলো। সেখানেই এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
হামলার পর ঘটনাস্থলেই একজন ১৮ বছর বয়সী মহিলা নিহত হন এবং ২০ বছর বয়সী এক ব্যক্তিকে হাঁসপাতালে নেয়ার কিছুক্ষণ পরে মৃত ঘোষণা করা হয়। এ ছাড়া তিনজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এবং অন্য ছয়জনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওয়ার্লি জানান, পুলিশ একাধিক সন্দেহভাজনকে খুঁজছে।
এ বিষয়ে তদন্ত চলছে এবং গোয়েন্দারা আরও কিছুদিন সেখানে থাকবেন বলে জানায় বাল্টিমোর পুলিশ ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত কমিশনার রিচার্ড ওয়ার্লি।